প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শিশুদের বাঁচাতে প্রাণ দেওয়া দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার পর অগ্নিকুণ্ড থেকে শিশুদের বাঁচাতে গিয়ে প্রাণ দেওয়া দুই শিক্ষক মাহেরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানান হয়, বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতও করা হয় বৈঠকে।

 

“পরিষদের বৈঠকে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।”

প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, “উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলের নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এই সম্মাননার বিস্তারিত অতিদ্রুত নির্ধারণ করা হবে।”

এদিকে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন