প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ‘ডাকাত দলের’ চার সদস্য গ্রেপ্তার: সিগারেট ও মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫

শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলছে পুলিশ।

বুধবার লক্ষ্মীপুর, গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

গ্রেপ্তাররা হলেন- ঢাকার কেরানীগঞ্জ থানার পশ্চিম পাড়ার আব্দুল মালেক আকন (৬০), কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মাশখাল এলাকার মো. সোহেল রানা ওরফে শাওন (৩৯), ঢাকা আশুলিয়া থানার মুন্সিপাড়া এলাকার মো. সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২)।

 

মামলা পরবর্তী কার্যক্রম ও তদন্তের স্বার্থে অপর আসামির নাম প্রকাশ করা হয়নি।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির সময় লুট হওয়া ৫৬৫ প্যাকেট সিগারেট, পাঁচটি মোবাইল ফোন এবং ১০ হাজার ৫০০ টাকা।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ৮ জুলাই শাহারাস্তি ঠাকুরবাজারে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে সিগারেটসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাত দল।

 

এই ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইমরান হোসেন থানায় মামলা করেন।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফুর রহমানের তত্ত্বাবধানে স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সোর্সের মাধ্যমে মামলাটির তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন শাহারাস্তি থানা পুলিশ।

সর্বশেষ বুধবার লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে মো. দেলোয়ার নামে এক আসামিকে গ্রেপ্তার করে। একই দিন অপর দুই অভিযানে গ্রেপ্তার হয় আরও তিন আসামি।

 

এসপি মুহম্মদ আব্দুর রকিব বলেন, এই ডাকাতির ঘটনায় চাঁদপুর ও ঢাকার পুলিশের সহযোগিতায় ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে তিন জনের বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে। বাকি চার জনকে চাঁদপুরে আনা হয়েছে।

এই ঘটনায় আরো অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তারদেরকে জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুরের আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

 

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন