প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বিমান স্কুলে পড়বে এমন বাংলাদেশ চাই না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি- এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এদেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা কখনো হিরো হতে পারে না।

বুধবার  দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যােন্ড এনসিপির দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ অনুষ্ঠানে বক্তব্য দিতে  গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিমান   দুর্ঘটনায় নিহতের সকল দায়ভার অবশ্যই সংশ্লিষ্ট বাহিনীকে নিতে হবে। আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা এখনো আগের মতো। আমরা দেখেছি ঘটনার পর ওই কলেজে শিক্ষার্থীদের বেধড়ক পেটানো হয়েছে। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়নি। হাসনাত বলেন, দিন শেষে আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনারা দেখেছেন গতকাল ফ্যাসিবাদ আওয়ামী লীগ লাশের ওপর দিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে।

 

আওয়ামী লীগের অধ্যায় শেষ। আওয়ামী লীগ যদি আবারও ফেরার চেষ্টা করে তাহলে এই শোক শক্তিতে পরিণত হয়ে তাদের ভবিষ্যতের সম্ভাবনাকেও বন্ধ করে দেওয়া হবে। ভবিষ্যত বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একসঙ্গে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। যে বাংলাদেশে গুম, খুন হবে না, চিকিৎসার নিশ্চিয়তা থাকবে, সন্তানরা স্কুলে গেলে বিল্ডিং ভেঙে পড়বে না। আকাশ থেকে বিমান স্কুলে ভেঙে পড়বে এমন বাংলাদেশ চাই না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিপির চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম। কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, মুখ্যসংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন।

আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম ও মো. মিরাজ মিয়া ও ফরিদগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মাহবুব তালুকদার।

নাসিরুদ্দীন পাটওয়ারী বক্তব্যে বলেন, চাঁদপুরে আমার জন্ম এবং এখানকার মাটিতেই আমাকে মিশে যেতে হবে। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। কেউ যদি ষড়যন্ত্র করে আমাদের বার বার হত্যা এবং খুন করতে আসে ততবার আমরা জেগে উঠে বলব, বাংলাদেশে ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার কায়েম হতে দেব না। চাঁদপুরে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস ও বালু খেকোদের প্রশ্রয় দেওয়া হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বক্তব্যে বলেন, ৫ আগস্টের পর যত ঘটনা হয়েছে, এসব ঘটনায় যেসব তদন্ত কমিটি হয়েছে, এসব কমিটিগুলোকে প্রত্যেকটি ঘটনার পেছনে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও পদ্ধতি দায়ী, সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে যেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসে। বাংলাদেশ এমন ধ্বংসের পরে আর কোনো চুরির খেলা দেখতে চাই না।

সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন তার বক্তব্যে বলেন, বিমান  দুর্ঘটনা পরবর্তী সময়ের ঘটনাগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমরা সবাই শোকহাত দিন পার করছি। জুলাই পদযাত্রা এই পর্যায়ে এসে শোক পদযাত্রায় পরিণত হয়েছে।

তিনি চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের এই মাটিতে কয়জন ব্যক্তি শহীদ হয়েছেন। আপনারা এই শহীদ মায়েদের আর্তনাদ শুনেছেন। বাংলাদেশের উর্বর মাটি শহীদদের রক্তে রঞ্জিত। আমাদের মনে প্রশ্ন জাগে কতদিন পর্যন্ত এই শহীদদের রক্তের মর্যাদা ভূলুন্ঠিত হবে।

পদযাত্রা অনুষ্ঠান শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন এনসিপি চাঁদপুর জেলা কমিটির সদস্য মুফতি মাহমুদুল হাসান।
পদযাত্রা পূর্বে এনসিপি নেতারা চাঁদপুর সার্কিট হাউজ থেকে একটি শোক র‌্যালি নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে পদযাত্রাস্থলে এসে উপস্থিত হন। এর আগে চাঁদপুর সার্কিট হাউস সভা কক্ষে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নেতারা।

এদিকে চাঁদপুর শহরে অনুষ্ঠানে শেষে এনসিপি নেতারা হাজীগঞ্জ উপজেলা সদরের চৌরাস্তা বিশ্ব রোড এলাকায় শহীদ আজাদ সরকার চত্বর উদ্বোধন করেন।

সর্বশেষ শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পথসভা করেন। সেখানে বক্তব্য দেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। অনুষ্ঠান শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা কুমিল্লার উদ্দেশে সড়ক পথে চাঁদপুর ত্যাগ করেন।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন