‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের রঘুনাথপুর বাজারে এক মাদকবিরোধী সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নবাসী চিহ্নিত মাদক কারবারিদের হাত থেকে মুক্তি পেতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কালচোঁ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া, সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন কিসলু মোল্লা, সমাজসেবক ইসহাক বেপারী, মোখলেসুর রহমান, জিসান আহমেদ রনি, মনা, শাকিল প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ইউনিয়নের কিছু প্রভাবশালী মাদক কারবারি— জাকির, জিসান, মহিন, আবু বক্কর, মাহমুদুল্লাহ, জাহাঙ্গীর, হাসানসহ তাদের চক্র এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা সাধারণ মানুষকে হুমকি-ধামকি, এমনকি মারধর পর্যন্ত করে থাকে। অনেকে মাদক ছেড়ে দেওয়ার চেষ্টা করলেও তাদেরকে আবারও মাদক বিক্রি করতে বাধ্য করা হয়। যারা মাদক ছেড়ে দিয়েছে, তাদেরকে বাজারে বসতেও দেওয়া হয় না।
বক্তারা আরও জানান, এই মাদক চক্র শুধু মাদক ব্যবসাই নয়, ছুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। এমনকি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ইভটিজিং করে পড়াশোনার পরিবেশও নষ্ট করছে তারা।
বক্তাদের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি শিথিল হওয়ায় মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এর ফলে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং পুরো সমাজ বিপদের মুখে পড়েছে।
এসময় বক্তারা প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান— দ্রুত এই চিহ্নিত মাদককারবারিদের গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য।
সাংবাদিক সম্মেলনে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সমাজসেবক সোহরাব হোসেন, আনোয়ার, আব্দুল মান্নান, জামাল হোসেন মেম্বার, ডা. ফয়েজ, খোরশেদ আলমসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।