প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে লঞ্চে অসুস্থ শিশুকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫

চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক শিশুকে তাৎক্ষণিক চিকিৎসা ও দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

শুক্রবার (১১ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) বরিশাল থেকে ঢাকাগামী দোয়েল পাখি-১০ লঞ্চে করে মোহাম্মদ সাইফুল ইসলাম তার ১৩ বছর বয়সী ছেলে মো. রাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিনা ফেরিঘাট এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

লঞ্চ কর্তৃপক্ষ দ্রুত কোস্ট গার্ডকে বিষয়টি জানালে, চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন থেকে একটি মেডিক্যাল টিম সঙ্গে সঙ্গে লঞ্চে পৌঁছে যায় এবং রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর একটি হাই স্পিড বোটের সাহায্যে শিশুটিকে দ্রুত চাঁদপুর প্রেসক্লাব ঘাটে আনা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের নিজস্ব গাড়িতে করে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

 

বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘উপকূলীয় ও নদী তীরবর্তী জনপদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড মানবিক সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে ১৬১১১ নম্বরে ফোন করে কোস্ট গার্ডের সহযোগিতা নেওয়া যাবে।’

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন