প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে বিনামূল্যের সরকারি বই কেজি দরে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৫

বিনামূলের সরকারি বই ফেরিওয়ালাদের কাছে কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

 

বুধবার (২৫ জুন) রাতে উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে

 

জানা যায়, উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বশির আহমেদ ও সহকারী শিক্ষক কাশেম বুধবার রাতে গোপনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত  ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের সরকারি বিনামূল্যের বই কেজি দরে ফেরিওয়ালার কাছে বিক্রি করেন।

 

স্থানীয়রা জানান, বুধবার রাতে স্কুলের সামনে একটি গাড়িসহ কয়েকজন লোক দেখতে পাই। বিষয়টি সন্দেহজনক মনে হলে আমরা আশপাশের কয়েকজনকে খবর দেই। ওই সময় ফেরিওয়ালাদের কাছে সরকারি বই দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করি। জবাবে ফেরিওয়ালারা জানান, সহকারী শিক্ষক কাশেমের কাছ থেকে বইগুলো কিনেছেন তারা।

 

ওই বিদ্যালয়ের একাধিক অভিভাবক বলেন, সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিয়েছেন। অথচ প্রধান শিক্ষক চাহিদার অতিরিক্ত বই এনেছেন। অতিরিক্ত সেই বই তিনি বিক্রি করে দিয়েছেন। এই অসৎ শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

 

ওই বিদ্যালয়ের শিক্ষক কাশেম জানান, প্রধান শিক্ষক বশির আহমেদ স্যারের  নির্দেশেই বইগুলো বিক্রি করা হয়েছে।

 

এ বিষয়ে প্রধান শিক্ষক বশির আহমেদ সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়টি আমাদের ভুল হয়েছে। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম বলেন, সরকারি বই বিক্রি একটি গুরুতর অপরাধ। আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। প্রয়োজনীয় তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি আমি শুনেছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শোকজ করার নির্দেশ দিয়েছি। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন