শাহরাস্তিতে পৌর কর্তৃপক্ষের উদাসীনতা ও বর্জ্যের বিষক্রিয়ায় দীঘিতে ভাসছে শত-শত মরা পঁচা মাছ।
উপজেলার প্রাণকেন্দ্র ঠাকুর বাজার দিঘিতে ঘটে এ ঘটনা। মরা মাছের দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যাবসায়ী, ক্রেতা ও পথচারীগন। গত দু’দিন ধরে হঠাৎ করে দিঘির মাছ গুলো মরে পঁচে ভেসে উঠতে শুরু করে। ম্যৎস্য চাষী অর্জুন ও তার বাবা নেপাল বর্মন পাঁচে যাওয়া মাছ গুলো সরিয়ে নিচ্ছেন।
জানা যায়, মৎস্য চাষী অর্জুন চন্দ্র বর্মন ১৫ মাসের জন্য দিঘিটি ইজারা নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। হঠাৎ করে মাছ মরে যাওয়ায় প্রায় কয়েক লাখ টাকার লোকসানের মুখে পড়তে হয়েছে তাকে।
এ ব্যপারে প্রতিকার চেয়ে ম্যৎস্য চাষী অর্জুন পৌর কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, স্থানীয় ব্যক্তি মালিকানাধিন দিঘিটির উত্তর পাড়ে গরু বাজার স্থাপনের লক্ষ্যে পৌর কতৃপক্ষ ২০ শতাংশ ভূমি ক্রয় করে। ইতিমধ্যেই উক্ত জায়গা ভরাটের উদ্দেশ্যে পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে ময়লা আবর্জনা এনে দীঘিতে ফেলা হচ্ছে। এসব বর্জ্যের বিষক্রিয়ার কারণে মাছ গুলো মরে পঁচে ভেসে উঠছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
পৌর কতৃপক্ষের উদাসীনতার কারণে এমনটা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় বাসিন্দা আবদুল মুনাফ বাচ্চু জানান, ঘনবসতিপূর্ণ ও বাজার এলাকায় পৌর কর্তৃপক্ষ ময়লা আবর্জনা ফেলে দীঘি ভরাটের কারণে এসবের পঁচা দুর্গন্ধে এ এলাকায় বসবাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিষাক্ত বর্জের কারণে মাছ গুলো মরে পঁচে ভেসে উঠছে বলে দাবি তার।
মৎস্য চাষী অর্জুন চন্দ্র বর্মন জানান, প্রতিকার চেয়ে পৌর প্রশাসকের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পৌর সচিব তোফায়েল আহমেদ শেখ জানান, আমরা পৌর সভার জায়গা ভরাট করছি। বিষয়টি আমি অবগত হয়েছি। আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।