প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

অনলাইনে ইলিশ বিক্রিতে নিতে হবে নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন, ২০২৫

পদ্মা-মেঘনার সুস্বাদু রূপালি ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুরকে এখন বলা হয় ‘ইলিশের বাড়ি’। এ জেলা থেকে সবচেয়ে বেশি ইলিশ যায় দেশের বিভিন্ন প্রান্তে। ইলিশের প্রাচুর্যতা থাকায় চাঁদপুরের নাম জড়িয়ে বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে অনলাইনে চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে অভিনব কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। অনলাইন প্রতারণা বন্ধে এবার ব্যবস্থা নিল জেলা প্রশাসন।

চাঁদপুরে থেকে অনলাইনে ইলিশ বিক্রি করতে নিতে হবে জেলা প্রশাসনের নিবন্ধন। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

 

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুর জেলা সুস্বাদু ইলিশ মাছের জন্যে বিখ্যাত। সেই স্বাদ অক্ষুণ্ণ রাখা, ইলিশের মূল্য নিয়ন্ত্রণসহ জেলার মান সমুন্নত রাখার বিষয়ে জেলা প্রশাসন বিভিন্নভাবে প্রতিনিয়ত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।

এতে আরও বলা হয়, চাঁদপুর জেলার ইলিশের নাম করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতিনিয়ত দেশবাসীকে প্রতারণা করে যাচ্ছে। জেলা প্রশাসন চাঁদপুর এ ধরণের প্রতারণা রোধে ইলিশ মাছ অনলাইন ব্যবসায়ীদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। ইলিশের অনলাইন ব্যবসার জন্যে আগ্রহী প্রার্থীগণকে জেলা প্রশাসকের কার্যালয় হতে যোগ্যতা সাপেক্ষে নির্ধারিত ফরম এ আবেদন করতে হবে।

মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগ নিয়মিতই আসছে। এতে সাধারণ মানুষ, প্রবাসী, এমনকি প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাও বাদ যাননি। তাই প্রতারণা ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, এর সুফল সারাদেশের মানুষ পাবে।’

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন