প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ফরিদগঞ্জের যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৫

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে চাঁদপুরের ফরিদগঞ্জের মমিন হোসেন (৩০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

 

দক্ষিণ আফ্রিকার সময় অনুযায়ী শনিবার (১৪ জুন) রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এলাকায় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার (১৭ জুন) সকালে স্বজনদের মমিন হোসেনের মৃত্যুর খবর পৌঁছে। এসময় নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েন তারা।

মমিন হোসেন ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত শাহাদাত উল্যাহ ও রোকেয়া বেগম দম্পত্তির ছেলে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সুমন জানান, মমিন হোসেন গত ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। এতে গত ১ যুগ ধরে ভালোই চলছিল তার পরিবার।

 

দক্ষিণ আফ্রিকা প্রবাসী আব্দুল মোমেন জানান, ঘটনার দিন রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন ১-এ মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন মমিন হোসেনসহ আরও কয়েকজন। এ সময় সাদা রঙের একটি গাড়িতে দুর্বৃত্তরা এসে তাদের গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপতাপালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মমিন হোসেন।

প্রবাসে মমিন হোসেনের মৃত্যু সম্পর্কে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, ‘খবর পেয়েছি, বিষয়টি দুঃখজনক। মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাতে দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন ১-এ মসজিদের সামনে দুর্বৃত্তদের গুলিতে মমিন হোসেনসহ আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন