প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে মাইকিং করে ইলিশ বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর ও আশপাশের এলাকায় মাইকিং করে বিভিন্ন আকারের ইলিশ বিক্রি হচ্ছে। আজ শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা সদর, নবকলস, বাইশপুর, বোয়ালিয়া, দূরগাঁও, চরমুকুন্দি ও ঢাকিরগাঁও এলাকাসহ আরও কয়েকটি এলাকায় অটোরিকশায় মাইকিং করে একাধিক বিক্রেতাকে এসব ইলিশ বিক্রি করতে দেখা গেছে।

বাইশপুর এলাকার মাছ বিক্রেতা উমেশ চন্দ্র জানান, চাঁদপুর মাছঘাট, ভোলা ও চট্টগ্রাম থেকে ইলিশ কিনে সেগুলো কিছুটা কম দামে এখানে বিক্রি করছেন। আগ্রহী ক্রেতারাও লুফে নিচ্ছেন সেগুলো। ছোট আকারের ইলিশ কেজিপ্রতি ৪৫০ থেকে ৬০০ টাকায়, এক কেজি ওজনের প্রতি কেজি ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় এবং ৭০০-৮০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন। মাইকিং করে আজ তিনি প্রায় তিন মণ ইলিশ বিক্রি করেছেন।

 

 

উপজেলার কলাদী এলাকার গৃহবধূ শাহিনা আক্তার বলেন, আজ সকালে এক বিক্রেতার কাছ থেকে ৫০০ টাকা কেজির দরে ৫ কেজি ছোট আকারের ইলিশ কিনেছেন। রং ভালো দেখে এবং দাম কিছুটা কম থাকায় কিনেছেন।
সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, মেঘনায় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা ১৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ জন্য এখন ইলিশের কেনাবেচা বেশি। মাইকিং বা ফেরি করেও ইলিশ বিক্রি হচ্ছে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন