প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চগুলোতে ভিড় থাকলেও ভোগান্তি নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন, ২০২৫
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। চাঁদপুর থেকে ঢাকামুখী লঞ্চ গুলোতে ভিড় থাকলেও নেই কোনো ভোগান্তি।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকেই চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

ঘণ্টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়ছে, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে ফিরছেন। কারও সঙ্গে রয়েছেন স্ত্রী-সন্তান। সবার মুখেই ঈদের আনন্দ। কেউ কেউ বলছেন, এবারের ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক।

যাত্রী রতন হোসেন বলেন, স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদের আগের দিন চাঁদপুর এসেছি। কোনো ভোগান্তি ছাড়াই ঈদ উদযাপন করতে পেরেছি। এখন ফিরছি। লঞ্চে চাপ কম, যাত্রাও আরামদায়ক।

আরেক যাত্রী কামরুল হাসান বলেন, দীর্ঘ ছুটির কারণে লঞ্চে ভিড় নেই। সবাই সুবিধামতো কর্মস্থলে ফিরছেন। এবার ঈদের আগেও কোনো ঝামেলা হয়নি।

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। টহলে রয়েছে নৌ-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যারা সাদা পোশাকেও দায়িত্ব পালন করেছেন।

বিআইডব্লিউটিএ চাঁদপুর অঞ্চলের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, “ঈদ উপলক্ষে পর্যাপ্ত লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রী চাপ বেশি না থাকায় সিডিউলের বাইরে অতিরিক্ত লঞ্চ চালু করার প্রয়োজন হয়নি। যাত্রীরা ভালোভাবেই ঈদ শেষে ঘরে ফিরছেন। এখনো পর্যন্ত কোনো যাত্রী কোনো অভিযোগ করেননি।”

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন