মতলব উত্তরে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী আলিফ (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ হাশিমপুর প্রধান বাড়ির বাসিন্দা কবির প্রধান ও আয়েশা বেগমের ছেলে। সে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, ঘটনার সময় আলিফ বাড়ির প্রায় ২০০ গজ উত্তর পাশে একটি জমিতে মাছ ধরার জন্য জাল পাততে যায়। এসময় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। পরে তার নানি আরোফা বেগম ও প্রতিবেশী আনিসা বেগম তাকে জমিতে কাদা পানির মধ্যে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে যান।
তারা গিয়ে দেখেন, আলিফ নিস্তেজ হয়ে পড়ে আছে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। ততক্ষণে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্বজনরা।
এ বিষয়ে এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা পরিবারটির পাশে আছি। বজ্রপাত প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। খোলা জায়গায় ঝড়-বৃষ্টির সময় যাওয়া থেকে বিরত থাকতে হবে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রাথমিকভাবে এটি বজ্রপাতে মৃত্যু বলেই নিশ্চিত হওয়া গেছে।