প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের শাহরাস্তির রেমিট্যান্স যোদ্ধা মো. শাহজাহান (২৫) নামে যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

শাহজাহান শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক উত্তর পাড়া গ্রামের মো. শাহআলম রাউতের ছোট ছেলে। তাঁর বাবা মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

স্বজনরা জানায়, শাহজাহান দুবাইয়ে একটি ওয়ার্কশপে কর্মরত ছিলেন। গতকাল বুধবার বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শাহজাহানের বাবা শাহআলম বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে শাহজাহান ছোট। বড় ছেলে গত ১০ দিন আগে সৌদি আরবে গেছে। আর শাহজাহান গত ১০ মাস আগে আরব আমিরাতে যায়। দুবাই শহরে একটি ওয়ার্কশপে কাজ করত। বিদেশে যাওয়ার ১ বছর আগে বিয়ে করেছে। তবে তাঁর কোনো সন্তান নেই।’

শাহআলম আরও বলেন, ‘শাহজাহানের এমন মৃত্যুতে পরিবারের সবাই শোকাহত এবং অসুস্থ হয়ে পড়েছে। ছেলের মৃত্যুর পরে এখন কী পদক্ষেপ নেব বুঝতে পারছি না। তবে তাঁর মরদেহ দেশে আনার জন্য উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব।’

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন