প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় ভূঁইয়ারা উবি’র শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪

শিক্ষকতা শেষে গাড়িতে চড়ে অবসরে গেলেন চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নরেশ চন্দ্র সাহা। প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় সংবর্ধনা।

বৃহস্পতিবার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদায় ও সংবর্ধনা শেষে বিকেলে গাড়িতে চড়ে শাহরাস্তি উপজেলার উপলতা গ্রামের নিজ বাড়িতে পৌঁছান এ শিক্ষক।

এসময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা গাড়ির পিছনে মোটরসাইকেল নিয়ে শিক্ষককে বাড়িতে পৌঁছে দেন। একই দিনে ওই বিদ্যালয়ের কর্মচারী শোভা রানীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। পরে বিদায়ী শিক্ষক ও কর্মচারীকে উপহারস্বরূপ পুরস্কার তুলে দেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জানা গেছে, ১৯৯৫ সালে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দান করেন। দীর্ঘ ৩০ বছর পর সুনামের সঙ্গে শিক্ষকতা করেন। অবসরজনিত কারণে চলতি বছরের ১৮ জুন শিক্ষকতা জীবনের সমাপ্ত ঘটে।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, তিনি অনেক ভালো ও উদার মনের মানুষ। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছে বেশ প্রিয় ছিলেন। কখনো রাগ বা ক্ষোভ দেখিনি। পিতার মতো শিক্ষার্থীদের পড়িয়েছেন।

আমাদের কর্ম জীবনে এমন শিক্ষক পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তিনি এতো উদার মনের মানুষ, কোনো শিক্ষকের বিপদ হলে সঙ্গে সঙ্গে যেতেন এবং খোঁজ খবর নিতেন। স্যার অবসর জনিত কারণে বিদায় নিয়েছেন। এটি সবাইকে মানতেই হবে। আমরা স্যারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফজলুর রহমান ও সেলিম হোসেনের যৌথ পরিচালনায় বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার, বিদায়ী শিক্ষক নরেশ চন্দ্র সাহা,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম,সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,সাধারন সম্পাদক এমদাদ উল্যাহ,বিশিষ্ট সমাজসেবক রুহুল আমিন চৌধুরী,আব্দুল্লাহ আল মামুন,সহকারী শিক্ষক মানিক সরকার,আব্দুল মবিন মজুমদার,মোহাম্মদ উল্যাহ প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানে আগত অতিথি ও বিদায়ী শিক্ষক-কর্মচারীদের প্রফুল্ল রাখতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশ করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন