প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে, ২০২৫
ফরিদগঞ্জ বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। শ্রী গুরু জুয়েলার্স নামে ওই স্বর্ণের দোকানে কলাপসিবল গেট এবং সাটারের তালা ভেঙে ডাকাত দল দোকানের ভেতরে ঢুকে। তার আগে সিসিটিভি ক্যামেরা খুলে বালতির পানিতে ভিজিয়ে রাখে ডাকাতরা।রবিবার (১৮ মে) সকাল ১০টায় দোকান খুলতে এসে মালিক এই দৃশ্য দেখেন।
তার আগে রাতের কোনো এক সময় ডাকাত দল এমন কাণ্ড করে। এসময় ডাকাতরা আলমারি ও ভোল্টসহ সব কিছু তছনছ করে।
তবে কি পরিমাণ স্বর্ণ ডাকাত দল নিয়ে গেছে। তা এখনো নিশ্চিত করতে পারেননি দোকানের মালিক বিশ্বজিৎ কর্মকার।
তিনি বলেন, অন্যদিনের মতো শনিবার রাতেও পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে দোকান বন্ধ করে বাসায় চলে যাই।তিনি আরো বলেন, কোনোভাবে যেন ঘটনায় জড়িতদের শনাক্ত করা না যায়, তার জন্য ডাকাতরা বাইরে এবং ভেতরের সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে পানির বালতিতে চুবিয়ে রাখে। তাছাড়া ডাকাতরা দোকানে রক্ষিত দুটি ভোল্ট ভাঙার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তার জন্য চাবি প্রবেশের জায়গাগুলো অকেজো করে দেয়।
তবে ভোল্টে থাকা স্বর্ণালঙ্কার অক্ষত থাকলেও আলমারি ও শোকেসে রাখা বেশকিছু অলঙ্কার নিয়ে গেছে।এদিকে, স্বর্ণের দোকানে ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। ঘটনা সম্পর্কে তিনি বলেন, পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।
এর মধ্যে ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু আলামত সংগ্রহ করা হয়। তার সঙ্গে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্ত করা এবং জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।