প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে, ২০২৫

চাঁদপুর শহরের ৫ নম্বর রেলওয়েঘাট এলাকায় মা জায়েদা বেগমকে (৪৫) হত্যার দায়ে ছেলে শরীফ ব্যাপারীকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার এই রায় দেন।

 

হত্যার শিকার জায়েদা বেগম রেলওয়েঘাট এলাকার আরব আলী ব্যাপারীর স্ত্রী। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শরীফ তার বড় ছেলে।

তারা রেলওয়েঘাট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তাদের স্থায়ী ঠিকানা সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামের ব্যাপারী বাড়ি।

 

মামলার বিবরণ থেকে জানা গেছে, শরীফ মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদপুর রেলওয়ে থানায় মাদক মামলা ছিল।

মাদক সেবন করে প্রায়ই শরীফ তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। ঘটনার দিন ২০১৭ সালের ১১ জুলাই সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে শরীফ তার মাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে ইট ও দা দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জায়েদা বেগমকে মৃত ঘোষণা করেন।

 

জায়েদা বেগমের হত্যার বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শরীফকে আটক করে।

এ ঘটনায় আরব আলী ব্যাপারী ওই রাতেই স্ত্রীকে হত্যায় অভিযুক্ত করে ছেলে শরীফকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ তদন্ত শেষে ওই বছর ১০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর বেগম বলেন, মামলাটি প্রায় ৮ বছর চলমান অবস্থায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্যগ্রহণ, আসামির অপরাধ স্বীকার এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় দেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন।

সরকার কর্তৃক নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ছিলেন শফিকুল ইসলাম ভুঁইয়া।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন