প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আদালতে তোলার সময় মমতাজকে দেখে ‘ফাইট্টা যায়’ স্লোগান

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
প্রকাশিত: ১৩ মে, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তোলা হয়েছে।

 

আদালতে তোলার সময় বিক্ষুব্ধ কিছু আইনজীবী ‘ফাইট্টা যায়’ স্লোগান দিয়ে মমতাজের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। এ রিপোর্ট লেখার সময় সাতদিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি চলছে।

এর আগে দুপুর ২টা ২০ মিনিটে মমতাজকে সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়ে। তার আগে সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এসময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন তিনি।

 

এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলার মমতাজ বেগম ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।

শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন