প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত দশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মে, ২০২৫

ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজার ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ মে) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকে পড়াদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভা বাংলা ১৪৩২ সালের এক বছরের জন্য ভাটিয়ালপুর চৌরাস্তা বাজার ইজারা দেয়। এই ইজারাকে কেন্দ্র করে ভাটিয়ালপুর চৌরাস্তা দুইটি পক্ষ বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষ ইজারা বাতিলের দাবিতে এবং অন্যপক্ষ রাজস্ব আদায়ের স্বার্থে ইজারা বহাল রাখার জন্য অবস্থান নেয়।

কয়েকদিন পূর্বে ইজারার নামে চাঁদা আদায়ের অভিযোগ তুলে এলাকার ব্যবসায়ী, আড়তদার, মৎস্যজীবীরা মানববন্ধন করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ইজারাদারদের সহায়তাকারী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া শেখসহ কয়েকজনকে চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে এলাকার কয়েকশত নারী-পুুরুষ পাল্টা মানববন্ধন করেন। মানববন্ধন শেষ পর্যায়ে হঠাৎ করেই মনির হোসেন নামে স্থানীয় একজন ইটের আঘাতে আহত হওয়ার ঘটনাকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র হামলা চালায়। ঘণ্টাব্যাপী এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে মনির হোসেনসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়।

সংবাদ পেয়ে থানা পুলিশ সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াও ঘটনাস্থলে যান। এসময় পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়াসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে আসে।

ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারে সংঘর্ষের কথা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন