প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ ধরার অপেক্ষায় জেলেরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫

জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞার পর আবারও নদীতে নামতে প্রস্তুত জেলেরা। আজ মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। ইলিশ ধরার প্রস্তুতিতে নৌকা মেরামত, জাল সেলাইয়ের কাজ শেষ করে এক বুক স্বপ্ন নিয়ে ইলিশ ধরার অপেক্ষায় জেলেরা।

ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটারসহ ছয়টি নদী অঞ্চলে মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞাকালীন মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। জেলেরা যাতে নদীতে নামতে না পারেন, সেজন্য সার্বক্ষণিক স্থানীয় প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য বিভাগ, কোস্টগার্ড, জেলা পুলিশ সমন্বিত অভিযান পরিচালনা করেছে। আইন অমান্যকারী জেলেদের করা হয়েছে জেল-জরিমানা।

 

চাঁদপুর সদরের আনন্দবাজার মেঘনা পাড়ের জেলে মজিব দেওয়ান বলেন, ‌‘দুই মাস নদীতে মাছ ধরা থেকে বিরত ছিলাম। অপেক্ষার পালা শেষ হয়েছে। এখন আমরা মাছ ধরতে প্রস্তুত। নৌকা-জাল নদীতে নামিয়ে রাখছি। সময় হলে মাছ ধরতে যাবো।’

 

জেলেরা জানান, এই দুই মাস ধারদেনা করে তাদের চলতে হয়েছে। সরকার যে পরিমাণ চাল দিয়েছে, তা দিয়ে পরিবার চালানো কষ্টকর। অতিকষ্টে দুই মাস শেষ হয়েছে। এখন নদীতে নেমে যদি ইলিশ না পান তাহলে কষ্টের শেষ থাকবে না।

 

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এই বছর জাটকা রক্ষা অভিযান অত্যন্ত সফল হয়েছে। যে কারণে ইলিশের উৎপাদন বাড়বে। ইলিশ বাড়লে তার সুফল একমাত্র জেলেরাই পাবেন।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন