প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ডাকাডিয়া নদীতে নিখোঁজ কলেজ ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজের একদিন পর কলেজছাত্র সৌম্য দ্বীপ আপনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ডাকাতিয়া নদীর দর্জিঘাট এলাকায় তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এরপর নদীপাড়ে অপেক্ষায় থাকা স্বজনরা আপনের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন।


এর আগে নিখোঁজ আপনের সন্ধানে রোববার (২৭ এপ্রিল) দুপুর ২টা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা কয়েক দফা তল্লাশি অভিযান চালায়।


আপন চাঁদপুর শহরের মিশন রোড এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক মানিক রঞ্জন সরকারের ছেলে। তিনি চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্বজনরা জানান, রোববার দুপুরে কলেজ ছুটির পর বন্ধুদের সঙ্গে চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার ডাকাতিয়া নদীতে গোসলে যায় সৌম্য দ্বীপ আপন (১৭)। এ ঘটনার পর দর্জিঘাট এলাকায় স্বজনরা আপনকে জীবিত অথবা মৃত খুঁজে পেতে অপেক্ষা করছিলেন।

চাঁদপুরে কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার তকিউল আহসান জানান, ঘটনার পরই কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ কলেজছাত্রের সন্ধানে নদীতে যৌথ অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় সোমবার শেষ বেলায় নিখোঁজ কলেজছাত্রের মরদেহের সন্ধান পাওয়া যায়। 
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন