প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ফরিদগঞ্জের মিজান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এক প্রবাসী নিহত হয়েছেন। নিহতের নাম মো. মিজান (৪৮)। বাংলাদেশ সময় সোমবার (২১ এপ্রিল) ভোররাতে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত মিজান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের বাসিন্দা মৃত এরশাদ মিজির বড় ছেলে। তিনি এক কন্যা ও এক ছেলে সন্তানের জনক।

নিহতের চাচাতো ভাই মানিক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সৌদি আরবেই নিহত মিজানের কাছেই বসবাস করেন। মানিক জানান, প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক ২টার দিকে মিজান মালামাল লোড করে গাড়ি নিয়ে ফেরার পথে একটি দ্রুতগতির গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মানিক আরও বলেন, খবর পেয়ে ভোরে হাসপাতালে গিয়ে দেখি ভাই আর বেঁচে নেই। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মিজান গত ২২ বছর ধরে সৌদি আরবের আবহা শহরে বসবাস করছিলেন। তিনি নিজস্ব একটি পণ্যবাহী গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আড়ত থেকে সবজি সংগ্রহ করে খুচরা বাজারে সরবরাহ করতেন তিনি।

 

মিজানের আরেক চাচাতো ভাই ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ মোশারফ জানান, মিজান পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন। এর আগে তার ছোট ভাই আহসান (দ্বিতীয়) ক্যান্সারে এবং ছোট বোন বেবি আক্তার (সবার ছোট) অসুস্থতাজনিত কারণে মারা যান। তিন বছর আগে তাদের বাবাও মারা যান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন