প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

নিজ বাসায় দুই শিশুকে কুপিয়ে হত্যা, মা আটক

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর রূপবানের টেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- আব্দুল্লাহ বিন ওমর (৪) ও মালিহা আক্তার (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে ও মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আব্দুল বাতেন মিয়া পরিবার নিয়ে পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। পরিবারের তিন সন্তানের মধ্যে বড় সন্তান ছিলেন নানা বাড়িতে। শুক্রবার দুপুরে শিশুদের মা সালেহা বেগম মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। বিকেলে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, ঘরের মেঝেতে পড়ে আছে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ।

ঘটনার পর থানার উপপরিদর্শক (এসআই) বায়জিদ নেওয়াজ শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকালে শিশুদের বাবা বাসার বাইরে যান। এ সময় দুই শিশুকে নিয়ে মা সালেহা বেগম বাসায় ছিলেন। কিছুক্ষণ পরে শিশুদের বাবা আব্দুল বাতেন বাসায় ফিরে কক্ষের মেঝেতে দুই শিশুর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পুলিশের খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, দুইটি শিশু লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে মা সালেহা বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন