প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে পেশাগত আচরণ লঙ্ঘনের অভিযোগে নাজমুলের আইনজীবী সনদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫

অ্যাডভোকেট নাজমুল হাসান (প্রিন্স) পেশাগত আচরণ লঙ্ঘন করায় এক বছরের জন্য আইনজীবী সনদ স্থগিত করেছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বারের নীচ তলায় সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে এই আইনজীবীকে গত ২৫ মার্চ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আচরণ লঙ্ঘন করায় সর্বশেষ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

ওই নোটিশে আইনজীবী নাজমুল ‘‘দি বাংলাদেশ লিগেল প্রাকটিশনারস এন্ড বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস, ১৯৭২ এবং ক্যাননস প্রফেশনাল কনডাক্ট এন্ড এটিকেট” লঙ্ঘন করার বিষয়ে উল্লেখ করা হয়। নোটিশে বলা হয়-নাজমুল এর বিরুদ্ধে বিচারপ্রার্থী জনগণের আবেদনের প্রেক্ষিতে আইনজীবী সমিতির নেতারা ডেকে এনে বেশ কয়েকবার সতর্ক করে দেন। একই সাথে পেশাগত অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বলা হয়। এরপর নাজমুল ভবিষ্যতে এমন আচরণ করবেন না মর্মে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। যার প্রেক্ষিতে ও মানবিক কারণে ওই সময় জেলা আইনজীবী সমিতি তার বিরুদ্ধে কোন ধরণের ব্যবস্থা নেননি। নাজমুলের এমন অবৈধ কার্যকলাপে আদালত অঙ্গনে বিচারক ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের প্রকাশ পায়।

 

এছাড়াও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মো. ইয়াছিন আরাফাত আদালত চলমান অবস্থায় বিচারক কেন আসামীর জামিন দেন নাই আইনজীবী নাজমুল হাসান বিচারক, অফিস স্টাফদের সামনে কৈফিয়ত তলব করেন এবং বিচারকের সাথে অশালিন আচরণ করেন। এমন আচরণ বাংলাদেশ বার কাউন্সিল বিধি মোতাবেক সম্পূর্ণ বেআইনি এবং আইন বিরোধী। এসব কারণে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সুনাম ক্ষুন্ন হচ্ছে। বাংলাদেশ বার কাউন্সিল অ্যাক্ট এর ধারা ৭৫ এর উপধারা ৬ মোতাবেক পেশা বিরোধী কার্যকলাপ করে বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় হীনতা ঘটিয়েছে।

 

নাজমুল আইন লঙ্ঘন করায় তাকে ওই নোটিশে ১০ দিনের মধ্যে জবাব দেয়ার জন্য বলা হয়। তার প্রেক্ষিতে নাজমুল গত ৩ এপ্রিল লিখিত জবাব দেন।

আইনজীবী নাজমুল হাসান বলেন, আমি বারের পক্ষ থেকে দেয়া কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছি। কিন্তু আমার বিষয়ে যে ব্যবস্থা নেয়া হয়েছে তা বৈষম্য। কারণ আমার পাশাপাশি অ্যাডভোকেট ফারজানাকেও নোটিশ করা হয়েছে। কিন্তু তার সনদ স্থগিত করা হয়নি। তিনি মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু আমার প্রতি এই ধরণের সিদ্ধান্ত অমানবিক। যেসব অভিযোগ আনা হয়েছে এসব আচরণ আমি কখনো করিনি। আমি ষড়যন্ত্রের শিকার।

এই প্রসঙ্গে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাবর বেপারী বলেন, বারের সাধারণ সভায় সর্বসম্মতভাবে অ্যাডভোকেট নাজমুল হাসান (প্রিন্স) পেশাগত আচরণ লঙ্ঘন করায় এক বছরের জন্য তার আইনজীবী সনদ স্থগিত করা হয়।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন