প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় পরকীয়া সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৫

কচুয়ায় পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক ওমান প্রবাসীর বিরুদ্ধে।

 

শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিতারা গ্রামের খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত নুরুল হক একই গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।
 
খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, ওসি (তদন্ত) জিয়াউল হক এবং ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
স্থানীয় সূত্র জানায়, পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের ওমান প্রবাসী শুক্কুর আলীর সঙ্গে নুরুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে এলাকার জাহাঙ্গীর ও জালাল কৌশলে নুরুল হককে বাড়ি থেকে ডেকে নেন। এরপর শুক্কুর আলী ধারালো অস্ত্র দিয়ে নুরুল হকের শরীরে একাধিক কোপ মারলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসী ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের স্ত্রী জাহানারা বেগম, শ্বশুর আমির হোসেন ও ছেলে জহিরুল ইসলাম জানান, পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। শুক্কুর আলীর সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
 
নিহতের বোন জুলেখা বেগম, রাশিদা ও তাছলিমা বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
 
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ওমান প্রবাসী শুক্কুর আলীর একাধিক বিয়ে রয়েছে। তার ধারণা, নিহত নুরুল হক তার প্রথম স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত। এই সন্দেহ থেকেই সে একা এ হত্যাকাণ্ড ঘটায় এবং গা ঢাকা দেয়। তাকে আটকের চেষ্টা চলছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
 
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।’
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন