প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

খালের পানিতে ভাসছিল নিথর দেহ, মতলব দক্ষিণে শিশুর মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫

মতলব দক্ষিণ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে আমির হামজা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে মতলব দক্ষিণ উপজেলার উপাদী বাবুরপাড়া গ্রামের ছৈয়াল বাড়ির ঈদগাহ ময়দানের পাশে একটি খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা ঘোরাদাড়ি মিয়াজী বাড়ির গোলাম মোস্তফা ও রহিমা বেগমের সন্তান। উপাদী ছৈয়াল বাড়ির রফিক ছৈয়ালের নাতি। চার ভাইবোনের মধ্যে আমির ছিল সবার ছোট।

 

স্থানীয়রা জানান, সকালে আমির হামজা তার খালাতো ভাই আব্দুর রহমান (৪) এর সঙ্গে খেলতে গিয়ে পাশের খালে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা খালে পানিতে শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরে আলম অভি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মামা আকরাম ছৈয়াল বলেন, “আমার বোন অসুস্থ। আমির হামজা ও তার খালাতো ভাই একসঙ্গে খেলছিল। হঠাৎ ওদের খুঁজে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি, ভাগিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গিয়ে ভাগ্নের নিথর দেহ দেখে নিজেকে আর সামলাতে পারছি না।”

এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন