নৌপথে চাঁদপুর লঞ্চ টার্মিনালেও ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে।
শনিবার(২৯ মার্চ) রাজধানী সদরঘাট থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সকাল সাড়ে ১০টায় এক এক করে ভিড়তে শুরু করে। প্রতিটি লঞ্চে তিলধারণের জায়গাও ছিল না। তারপরও এসময় কোনো ধরনের ভোগান্তি কিংবা অতিরিক্ত ভাড়া দিতে হয়নি। তাই নৌপথে লঞ্চ যাত্রায় স্বস্তির কথা জানান যাত্রীরা।
চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র উপপরিচালক মো. বছির আলী খান জানান, ঈদ উপলক্ষে ছোটবড় ৫৫টি লঞ্চ যাত্রী পরিবহন করছে। তারমধ্যে বেশিরভাগ রাজধানী ঢাকার সদরঘাট থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পর্যন্ত চলাচল করছে।
তবে চাঁদপুর লঞ্চ টার্মিনালের বাইরে যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে যেতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
বেশ ভালো লঞ্চযাত্রী অভিযোগ করেন, একশ’ টাকার সিএনজিচালিত অটোরিকশার ভাড়া হাঁকা হচ্ছে তিনশ টাকা। ফলে বাধ্য হয়ে বাড়তি ভাড়া গুণে বাড়িতে যেতে হচ্ছে তাদের।
এদিকে, চাঁদপুর লঞ্চ টার্মিনালের বাইরে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এছাড়া কোস্ট গার্ড, নৌ পুলিশ, ফায়ারসার্ভিস, স্কাউটস এবং বিএনসিসি কর্মীরা লঞ্চ টার্মিনালে যাত্রীসেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে।