প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ঈদযাত্রায় চাঁদপুরে যানজট নিরসনে সেনাবাহিনীর কঠোর অবস্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে আজ মঙ্গলবার থেকে দায়িত্ব পালন শুরু করেছে।

এই কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর-কুমিল্লা-চট্টগ্রাম জেলার সড়ক সমূহের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ‘২১ বীর’-এর প্রায় শতাধিক সেনা সদস্য দায়িত্বরত আছেন।

পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের এই যাত্রা যাতে সুখকর হয়। সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সব বাস মালিক সমিতি ও চালকদের ফিটনেসবিহীন গাড়ি চালনা, অধিক গতিতে গাড়ি চালনা, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানো, অযথা লেন পরিবর্তন ও ক্লান্তি নিয়ে গাড়ি চালানো হতে বিরত থাকার অনুরোধ করেছে।

 

এ ছাড়া মহাসড়কের দুইপাশে যাতে ভাসমান দোকান স্থাপনের মাধ্যমে রাস্তা সংকীর্ণ না করা হয় সে বিষয়ে চাঁদপুর-কুমিল্লা-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থিত সব বাজার মালিক সমিতিকে বিশেষ অনুরোধ জানাচ্ছে।

চাঁদপুরে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন জানান, ঘরমুখী মানুষের ঈদযাত্রায় বিঘ্ন ঘটে, এমন কোনো কারণ প্রতিহত করার লক্ষ্যে সেনাবাহিনী তার ম্যাজিস্ট্রেসী ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবে। ‘সমরে ও শান্তিতে সর্বত্র দেশের তরে’ এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী অতীতে জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকতে বদ্ধপরিকর।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন