প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ১৪টি দোকান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫
হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডে পৌর মার্কেটে এ ঘটনা ঘটে। আগুনে মার্কেটের সবকটিসহ পাশের একাধিক দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে- টাইলস এন্ড স্যানেটারি, দলিল লিখক, কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট, কনফেকশনারি দোকান রয়েছে। এর মধ্যে অন্তত ২০ জন দলিল লেখকের প্রায় ১০ হাজার দলিল ও স্ট্যাম্প পুড়ে যায়।
আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি।
জানা গেছে, রাতে পৌর মার্কেটে আগুন দেখতে পেয়ে পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসে খবর দেন এবং ডাক-চিৎকার করে স্থানীয়দের খবর দেন প্রত্যক্ষদর্শী মাইনুদ্দিন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় তরুণ ও যুবকদের সহযোগিতায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এর মধ্যে আগুনে ১৪টি দোকান ও দোকানে থাকা মালামালসহ সবকিছু পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে অধিকাংশ দলিল লেখকদের ব্যবসাপ্রতিষ্ঠান ছিলো। যেখানে অন্তত ২০ জন দলিল লেখকের প্রায় ১০ হাজার দলিলসহ কয়েক লাখ টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্প, অর্ধ শতাধিক কম্পিউটার ও প্রিন্টার মেশিন পুড়ে গেছে।
এছাড়াও, একটি টাইলস ও স্যানেটারি দোকান এবং কনফেকশনারি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এটিকে নাশকতা বলে দাবি করেন। কারণ হিসেবে তারা জানান, মার্কেটটি পৌরসভার হলেও ভূমির মালিক জেলা পরিষদ। এ নিয়ে জেলা পরিষদের সাথে ব্যবসায়ীদের ঝামেলা যাচ্ছে।
এদিকে, আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন তরুণ ও যুবক আহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানার পুলিশ আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বক্তব্য দেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন