প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

জমে উঠেছে ঈদ কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫

ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। সাপ্তাহিক ছুটির দিনে (শুক্রবার) ঈদ কেনাকাটায় ভিড় বেড়েছে শপিং মার্কেটের শোরুমগুলোতে। ক্রেতারা প্রিয়জনের জন্য কিনছেন পোশাক, জুয়েলারি, জুতাসহ প্রয়োজনীয় সামগ্রী । ক্রেতা আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে অফার দিচ্ছে শোরুমগুলো।

 

মার্কেটে মেয়েদের পছন্দদের পোশাকের মধ্যে রয়েছে পাকিস্তানি থ্রি পিস, আর ছেলেদের সবচেয়ে বেশি পছন্দ কাশ্মীরি পাঞ্জাবি। এছাড়া একই ছাদের নিচে ছোট-বড় সবার পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারাও।

সরেজমিনে দেখা যায়, অফার দেওয়া শোরুমগুলোতে ভিড় অনেক বেশি। বিশেষ করে নারীরা একাধিক পোশাক কিনছেন। ঈদে গরমের জন্য আরামদায়ক পোশাক কিনতে দেখা গেছে অনেককেই। পছন্দের পোশাক খুঁজতে দোকান ঘুরে ঘুরে ক্রেতারা সেরে নিচ্ছেন শেষ সময়ের কেনাকাটা। একই ছাদের নিচে সব কেনার সুযোগ থাকলেও আছে দাম বেশি নেওয়ার অভিযোগ।

 

ক্রেতারা বলছেন, আর বেশিদিন বাকি নেই ঈদের। পছন্দসই কেনাকাটার এখনই সময়। নানারকম অফার দিলেও পোশাকে বাড়তি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা।

 

পরিবর্তিত পরিস্থিতিতে সন্ধ্যা কিংবা রাতের পরিবর্তে দিনকেই বেছে নিচ্ছেন সাধারণ মানুষ। অন্যবারের তুলনায় তাই রাতে ব্যস্ততা কম থাকার কথা জানান বিক্রেতারাও।

 

তারা বলেন, দিনে বেচাকেনা হলেও সন্ধ্যার পর থেকে ক্রেতার চাপ একদমই কমে যায়।

ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভোগান্তির কথা মাথায় রেখে যেন সেজেছে মার্কেটগুলো। ক্রেতারা প্রয়োজনীয় সবই পাচ্ছেন এক জায়গায়। শিশু থেকে বয়স্ক-সব বয়সীর পোশাকের সম্ভার যেন এখানেই। সঙ্গে পাচ্ছেন পোশাকের সঙ্গে মানানসই জুতা-স্যান্ডেল, জুয়েলারিও। এ ছাড়া বাড়তি আয়োজন মোবাইল ফোন ও ইলেকট্রনিক সামগ্রীও রয়েছে এই দুই শপিংমলে।

মার্কেটের প্রধান ও দ্বিতীয় ফটকজুড়ে রয়েছে বিভিন্ন ফাস্টফুড ও ইফতারের দোকান। রোজা রেখে কেনাকাটা করে এখান থেকে ইফতার সেরে নেন ক্রেতারা। আর খাবারের দোকানিরাও সাজিয়ে বসেছেন ইফতারের নানা প্যাকেজ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন