চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি মন্দিরে দোল উৎসব চলার সময় কয়েক দফা ঢিল ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এতে এক নারী পুণ্যার্থী আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা সদরের রথবাজার এলাকায় জগন্নাথ দেব মন্দির চত্বরে এ ঘটনা ঘটে।
আহত ওই নারীর নাম বীথি রানী (৩০)। তিনি একই উপজেলার কলাদী এলাকার বাসিন্দা।
মন্দিরটির ব্যবস্থাপনা কমিটির একাধিক সদস্য ও কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, গতকাল রাত ৯টার দিকে মন্দির চত্বরে ভক্তরা গায়ে রং মেখে দোল উৎসব উদ্যাপন করছিলেন। এ সময় কয়েকজন সেখানে বেশ কয়েকটি ইটপাটকেল ছোড়ে। এতে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা ছোটাছুটি শুরু করেন। অনেকেই ভয়ে মন্দিরের ভেতর ঢুকে পড়েন। একপর্যায়ে ঢিলের আঘাতে বীথি আহত হন। তাঁকে উদ্ধার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।
ধর্মীয় উৎসব চলাকালে এভাবে ঢিল মেরে ভক্তদের আহত করার ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন মন্দিরটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি শংকর রাও নাগ। তিনি বলেন, এমন ঘটনা আগেও ঘটেছে। তবে কারা ঢিল মেরেছে, তা তিনি বলতে পারছেন না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। মামলাও হয়নি। ঘটনাটি খতিয়ে দেখা হবে।