প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ঈদের পোশাক কেনা হলো না শিশু আফরোজার, অটোরিক্সা চাপায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫

ঈদের জন্য নতুন পোশাক কেনা হলো না ছয় বছরের শিশু আফরোজার। মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি ঘটে আজ রোববার চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কের ডাকবাংলোর সামনে।

আফরোজা শহরের পুরানবাজার এলাকার পূর্ব শ্রীরামদী ঢালী বাড়ির প্রবাসী আবুল বাশারের মেয়ে। সে পরিবারের সঙ্গে আল–আমিন স্কুল অ্যান্ড কলেজের কাছে ভাড়া বাসায় থাকে।

স্বজনেরা জানান, ঈদের কেনাকাটার জন্য বাসা থেকে মায়ের সঙ্গে বের হয় আফরোজা। জেলা পরিষদের ডাকবাংলোর সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশা আফরোজাকে চাপা দিয়ে রাস্তায় ফেলে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান শোভন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মরদেহ সুরতহাল তৈরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন