চট্টগ্রামে গত দুই বছর ডেঙ্গু পরিস্থিতি ছিল ভয়াবহ। এ বছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। গত দেড় মাসে ২৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। যার মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। যদিও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আপাতত কোনো শঙ্কা আছে বলে মনে করছে না জেলা স্বাস্থ্য বিভাগ। তবে মৌসুমের শেষ সময়ে এসে ডেঙ্গু এমন চোখ রাঙানি ভাবাচ্ছে তাদের।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ বছর ৪৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ২৮৭ জনই আক্রান্ত হয়েছে গত দেড় মাসে। জুলাই মাসে মোট ১৯৮ জন আক্রান্ত হয়। যার মধ্যে একজনের মৃত্যু হয়। আগস্টের প্রথম ১৪ দিনে আক্রান্ত হয়েছে ৮৯ জন। এর আগের বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। যাদের মধ্যে ১০৭ জনের মৃত্যু হয়। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় সেপ্টেম্বর মাসে। এ সংখ্যা ছিল যথাক্রমে ৩ হাজার ৮৯২ ও ২১ জন। এর আগের বছর ডেঙ্গু আক্রান্ত হয় ৫ হাজার ৪৪৫ জন, মৃত্যু হয় ৪১ জনের। সেই বছর সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটে নভেম্বর মাসে। সংখ্যায় যা ছিল যথাক্রমে ২ হাজার ৭ ও ১৯ জন।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘সেপ্টেম্বরে ডেঙ্গুর মৌসুম শেষ হয়। এই সময়টা কিছুটা ঝুঁকি থাকে। এই বছর ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। এখন আবার আক্রন্তের সংখ্যা কিছুটা বাড়ছে। তবে তা গত বছরগুলোর তুলনায় অনেক কম। আতঙ্কিত হওয়ার মতো না। তবু সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি। জ্বর হলে যেন অবহেলা না করেন।’