প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে বোনের বিয়েতে এসে সড়কে প্রাণ গেলো ইতালি প্রবাসী দুই ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৫

চাঁদপুর শহরের পুরান বাজারে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে পুরান বাজারে বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অভি (১৭) পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের ছেলে এবং নিলয় (২০) একই এলাকার মো. সেলিমের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

 

তাদের পরিবারের লোকজন জানান, নিলয় ও অভি তাদের অভিভাবকদের সঙ্গে ইতালি থাকেন। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেশে এসেছেন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মোটরসাইকেলে নিলয় ও অভি পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এলে দ্রুতগামী বাইকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন বলেন, হাসপাতালের আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করলে শহরের ওয়ারলেস বাজার এলাকায় নিলয়ের মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান দুটি মরদেহের সুরতহাল করেছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়েছেন। তবে হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে আছেন।

 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং হেলপার আটক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন