প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে বিএনপি নেতা কর্মীদের হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে বিএনপি নেতা কর্মীদের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা মনির হোসেন মনা (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বুধবার ২৫ ডিসেম্বর সকালে তিনি তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়,গত ৩০ নভেম্বর শনিবার রাতে উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে হরিপুর গ্রামে ডোবার মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এই ঘটনায় উভয় পক্ষেই মামলা দায়ের করেন।

৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনির হোসেন মনা গুরুতর আহত অবস্থায় কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তার মাথায় ১৯টি সেলাই করা হয়েছিল। টাকার অভাবে চিকিৎসা শেষ না করেই পরিবার তাকে দুই দিন আগে বাড়িতে নিয়ে আসে। আজ সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মনির হোসেনের ছেলে শাহজাহানও গুরুতর আহত হন। তার মাথায় ৩৫টি সেলাই করা হয়েছে। সেও বাড়িতে চিকিৎসাহীন অবস্থায় রয়েছে। আহতদের মধ্যে আরও রয়েছেন আব্দুল হান্নান,তার ছেলে রায়হান, মিন্টু, রাকিব,কাউয়ুম,মিজান,এবং ইয়াসিন। আহতদের মধ্যে বেশ কয়েকজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা জানান, হামলায় নেতৃত্ব দেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নেচার আহাম্মেদ  চৌধুরী,গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর,গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কুদ্দুস, বিএনপির নেতা বাবলু,মহিন,এবং দেলোয়ার। তারা সবাই হরিপুর গ্রামের ছয়আনি বাড়ির বাসিন্দা।

আহত ইয়াসিন বলেন,তারা হামলা করে আমার চাচা ভাতিজাসহ সবাই কুপিয়ে আহত করে। তারপর আবার আমাদের বিরুদ্ধে মামলা করেছে। আমরা সবাই আহত এই অবস্থায় মামলার জামিন করাইয়া বাড়িতে আসছি। এর মধ্যে কাল রাতেও তারা আমাদের উপর হামলা করছে। আমরা অসহায়। আমরা মনার হত্যাকারীদের ফাঁসি চাই।

এই বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নেছার আহাম্মেদ চৌধুরী বলেন, এই ঘটনার সাথে আমি জড়িত না। গত ১৫-১৬ বছর ধরেই কোথাও কিছু হলেই আমার নামে মামলা দেয়া হয়েছে। এখনো কুচক্রী মহল আমাকে মামলায় ফাঁসাতে চাইছে। মনিরের মৃত্যু আমরাও মেনে নিতে পারছি না।

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত বলেন, মারামারি ঘটনায় আগেই আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ থানায় আরও একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন