প্রিন্ট তারিখ: ২৮ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

৭ মাস ধরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ, এখনো পাননি কোনো অর্থ; খোঁজ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মালরা গ্রামের উদ্যোক্তা গিয়াসউদ্দিন। প্রবাসজীবনের দীর্ঘ সময় শেষে ২০১৯ সালে দেশে ফিরে প্রায় কোটি টাকা বিনিয়োগ করে নিজ এলাকায় গড়ে তোলেন ‘আঃ রহমান এগ্রো ফার্ম’।

মুরগির খামার, গরুর খামার ও মৎস্য চাষের মাধ্যমে দেশের মাটিতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করেন তাঁর এই উদ্যোগ। তবে সম্ভাবনাময় এই উদ্যোক্তার সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে টানা সাত মাস বিদ্যুৎ সরবরাহের পরও এখন পর্যন্ত কোনো অর্থ পাননি বলে অভিযোগ করেছেন তিনি।

বর্তমানে তাঁর খামারে রয়েছে ৩১টি গরু ও ২ হাজার ৭০০টি মুরগি। এসব থেকে প্রতিদিন প্রায় ১৩০ লিটার দুধ ও ১ হাজার ৮০০টি ডিম উৎপাদিত হয়। খামারের বর্জ্যকে কাজে লাগিয়ে ২০২২ সালে তিনি স্থাপন করেন বায়োগ্যাস প্ল্যান্ট। বর্তমানে সেখান থেকে আশপাশের ১৬টি পরিবার গ্যাস সুবিধা পাচ্ছে।

উদ্যোক্তা হিসেবে ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের চিন্তা থেকে প্রায় এক বছর আগে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে আলোচনা করে ৯ হাজার ৬০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেন গিয়াসউদ্দিন। সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ সাত মাস আগে প্রকল্পের কাজ সম্পন্ন করে জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপন করে।

এরপর থেকে উৎপাদিত বিদ্যুৎ নিয়মিত জাতীয় গ্রিডে সরবরাহ করে আসছেন তিনি। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো অর্থ পাননি বলে অভিযোগ তাঁর। প্রকল্পে স্থাপিত মিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জাতীয় গ্রিডে ২ লাখ ২১ হাজার ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

এ বিষয়ে উদ্যোক্তা গিয়াসউদ্দিন বলেন, “প্রকল্পের কাজ শেষ হওয়ার পর থেকেই বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সুনির্দিষ্ট আশ্বাস বা সমাধান পাইনি। সাত মাস ধরে বিদ্যুৎ সরবরাহ করলেও এখন পর্যন্ত কোনো অর্থ হাতে আসেনি।”

এ বিষয়ে শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. নিজাম উদ্দিন সামস্ বলেন, “বিষয়টি এই মুহূর্তে আমার মনে নেই। তবে আপনাদের মাধ্যমে অবগত হলাম। এ বিষয়টি সহকারী প্রকৌশলী দেখাশোনা করছেন।”

এ সময় ডিজিএমের গাড়িচালক মো. নুরুদ্দিন জানান, প্রকল্পের কাজ চলাকালীন তিনি বেশ কয়েকবার সেখানে গিয়েছিলেন।

অন্যদিকে, সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শাহরাস্তি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব উল আলম বলেন, “গিয়াসউদ্দিন একজন সফল উদ্যোক্তা। তাঁর বিষয়ে আমাদের অফিস থেকে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তাঁর খামারটি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।”

তিনি আরও বলেন, “গিয়াসউদ্দিন জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেও কোনো অর্থ পাননি, বিষয়টি আমি জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

দেশের বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি ও নবায়নযোগ্য জ্বালানির অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের মধ্যে গিয়াসউদ্দিনের মতো একজন উদ্যোক্তার এমন অভিজ্ঞতা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সাত মাস ধরে সরবরাহ করা বিদ্যুতের বিপরীতে তাঁর পাওনা অর্থ কবে পরিশোধ করা হবে, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন তিনি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন