সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে উদ্যোগী হয়েছেন চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
এরই অংশ হিসেবে উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করে সমস্যা সমাধান ও নির্মাণকাজের মান বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ১০ নং ছোট লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩০ নং গাজীপুর মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ১০ নং ছোট লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সরেজমিনে প্রত্যক্ষ করেন ইউএনও। বিদ্যালয়ের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন তিনি।
অন্যদিকে, ৩০ নং গাজীপুর মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের কাজের গুণগত মান যাচাই করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় নির্মাণকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে নিবিড়ভাবে মনিটরিং করার অনুরোধ জানান। ভবন নির্মাণে কাজের মান ও অগ্রগতির বিষয়ে দায়িত্বশীল নজরদারির গুরুত্বও তুলে ধরেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগে একদিকে বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা সমাধানের প্রত্যাশা তৈরি হয়েছে, অন্যদিকে সরকারি অর্থায়নে নির্মাণাধীন ভবনের কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা সরেজমিনে চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং উন্নয়নকাজের মান তদারকির মাধ্যমে হাইমচরের প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নয়নে উপজেলা প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রতিফলন ঘটেছে এ পরিদর্শনে।