প্রিন্ট তারিখ: ২৬ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬
চাঁদপুরে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহ হয়।

পরে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়। 

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে একটি চেকপোস্ট বসানো হয়। এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহজনকভাবে চলাচল করায় ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

একপর্যায়ে তাঁদের মোবাইল ফোন যাচাই করতে গিয়ে মো. আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে আরাফাত জানান, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে পিস্তলটি হাতে নিয়ে তিনি ছবিটি তুলেছিলেন।

পরে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা এসআই কালাম গাজী জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় নাহিদ হোসেন ও তার ভাতিজা মো. আরাফাতকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া চেকপোস্টে আটক অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন