প্রিন্ট তারিখ: ২৫ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

নীলফামারীতে ৬০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নীলফামারীর ছয় উপজেলায় ৬০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

‘উদ্যোগ’ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত উদ্যোক্তারা ব্যবসার ধরন ও প্রয়োজনীয়তা বিবেচনায় সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় জেলা শহরের স্কাইভিউ কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে এ কর্মসূচি বাস্তবায়নে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক, রংপুর’এর সার্বিক তত্ত্বাবধানে এবং নীলফামারী জেলার সকল লিড ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও উত্তরা ব্যাংক সদর লিড ব্যাংকের সহযোগিতায় কর্মশালাটি আয়োজিত হয়।

কর্মশালায় জানানো হয়, গত ১ নভেম্বর থেকে জেলার ছয় উপজেলায় বিভিন্ন লিড ব্যাংকের শাখার মাধ্যমে প্রায় এক হাজার আবেদন ফরম বিতরণ করা হয়েছে। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত ১৫০টি আবেদন জমা পড়েছে। আগামী ৩০ নভেম্বর আবেদন জমার শেষ দিন। যাচাই-বাছাই শেষে প্রতি উপজেলা থেকে ১০ জন করে জেলায় মোট ৬০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচন করা হবে, যাতে প্রায় ১৫ কার্যদিবস সময় লাগতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বীরেন্দ্র নাথ রায় বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় পুঁজি, প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক মেধাবী তরুণ নিজেদের উদ্যোগ এগিয়ে নিতে পারেন না। উপজেলা পর্যায় থেকে এসব সম্ভাবনাময় তরুণকে খুঁজে বের করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমরা চাই তরুণেরা চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করুক। নীলফামারীর ছয় উপজেলার তরুণদের উদ্ভাবনী চিন্তা ও স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

ব্র্যাক ব্যাংক পিএলসির ক্লাস্টার ও শাখা ব্যবস্থাপক এবং জেলা লিড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় মূল আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুক্তা সাদী সারওয়ারীন তৌহিদ। তিনি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া, উদ্যোক্তা নির্বাচন ও অর্থায়নের শর্তাবলি তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. লুৎফুল হোসেন। ইসলামী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. আকরামুল ইসলাম ও উত্তরা ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. আব্বাস উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সঞ্চালকের বক্তব্যে উত্তরা ব্যাংক পিএলসির নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. আব্বাস উদ্দিন জানান, কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলায় কার্যক্রম পরিচালিত হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে গত ১ নভেম্বর থেকে নীলফামারীসহ দেশের অবশিষ্ট ৫৬ জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে।

কর্মশালায় নতুন ব্যবসায়িক ধারণা ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা নিয়ে ব্যাংক কর্মকর্তা ও তরুণ উদ্যোক্তাদের মধ্যে প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন