প্রিন্ট তারিখ: ২১ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

লঘুচাপের বৃষ্টিতে সবজির বাজার চড়া, কৃষিতে বিরূপ প্রভাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬

লঘু চাপের বৃষ্টিতে ঝালকাঠিতে সবজির বাজারে বিরূপ প্রভাব পড়েছে। শীতের বিভিন্ন সবজির তুলনামূলক দাম বেশি হাকাচ্ছেন বিক্রেতারা। ক্ষতির মুখে পড়েছে ধানসহ সবধরণের শাক-সবজির স্থানীয় আবাদ।

শনিবার ভোরে শহরের প্রধান বড়বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শালগম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা, বরবটি ৩৫ থেকে ৪০ টাকা এবং মুলা ৪০ টাকা দরে। এছাড়া আকারভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। প্রায় সব সবজিতেই ১০ থেকে ১৫ টাকা কেজি প্রতি বেশি লাগছে।

বিক্রেতারা বলছেন, গত দুই দিনের বর্ষায় স্থানীয় উৎপাদন কমে গেছে। তাই আমদানী করা সবজির ওপরই নির্ভর করতে হচ্ছে। পাইকারি বাজারেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাদের। ফলে খুচরা বাজারে পড়ছে এর প্রভাব। বৃষ্টি কমেগেলেও এর ধকল আরও ১৫ দিন থাকবে। ফলে দাম আরও বাড়তে পারে বলে বিক্রেতারা জানান। ফলে এ অবস্থায় বিরূপ প্রভাব পড়েছে ক্রেতার ব্যয়ে।

টানা দুই দিনের বৃষ্টিতে রবি শস্যের আবাদ নিয়ে দেখা দিয়েছে চরম শঙ্কা। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির চরম সম্মুখীন হবে মাঠের আধাপাকা ধানসহ সব ধরণের শাখ-সবজি চাষ। এখন ক্ষেতের ছোট ছোট সবজি আবাদ বৃষ্টির পানি আর কাঁদামাটিতে লুটোপুটি খাচ্ছে।

ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মেদ জানান, এই অসময়ের বৃষ্টিতে ধান ও শাখ-সবজিসহ সবধরণের কৃষি ক্ষতির মুখে পড়েছে। এ অবস্থায় ক্ষেতে যাতে পানি জমে না থাকতে পারে সে জন্য নালা কেটে পানি সরিয়ে দিতে হবে। আর ধানের ক্ষেতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হলে তিন থেকে চার ছড়া ধান এক সাথে করে বেঁধে দাড় করিয়ে দিতে হবে। অন্যদিকে শীতকালীন ছোট বীজতলায় সাদা পলিথিন দিয়ে চাল করে ঢেকে দিয়ে বৈরি আবহাওয়ায় কৃষি রক্ষার পরামর্শ দিচ্ছেন কৃষিবিদ আলী আহম্মেদ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন