প্রিন্ট তারিখ: ২০ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

প্রতিকূল আবহাওয়ায়ও থেমে নেই হাজীগঞ্জের ফুলছোঁয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল, ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬

প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুরের হাজীগঞ্জে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ফুলছোঁয়া মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামীকাল শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত চলবে এ ধর্মীয় আয়োজন।

মাহফিলকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, অতিথি ও ওলামায়ে কেরামের অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে মাহফিল প্রাঙ্গণ। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ধর্মীয় আলোচনায় অংশ নিতে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন। তাঁদের কোরআন-হাদিসভিত্তিক আলোচনা, গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত শুনতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পীরে কামেল শায়খুল হাদিস আল্লামা মুফতি আবু সাঈদ। অনুষ্ঠানে প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকার করিমাবাদ মাদ্রাসার প্রধান মুফতি।

আয়োজক সূত্রে জানা যায়, প্রথম দিন শুক্রবার ফজরের নামাজের পর থেকে কোরআন তিলাওয়াত, হাদিস ও সুন্নাহভিত্তিক আলোচনা এবং ইসলামী শিক্ষামূলক কার্যক্রম শুরু হয়। এ ছাড়া জুমার নামাজ, আসরের জামাত এবং বাদ আসর ও বাদ মাগরিব বিশেষ বয়ানের আয়োজন রয়েছে। নামাজের আমলি প্রশিক্ষণ, সুন্নত অনুসরণের গুরুত্ব, দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা এবং পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামের প্রভাবসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে।

দ্বিতীয় দিন শনিবার ফজরের নামাজের পর থেকে অনুষ্ঠিত হবে বিভিন্ন ইসলামী আলোচনা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম। এতে কোরআন-হাদিসের শিক্ষা, ইসলামী আদর্শ, মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব এবং সমসাময়িক দ্বীনি বিষয়গুলো তুলে ধরবেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম।

আয়োজকরা জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মাহফিলের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় মুসল্লিদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে এবারের মাহফিল প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মাহফিলে অংশগ্রহণ করে কোরআন-হাদিসের আলোচনা শ্রবণ এবং দ্বীনি শিক্ষা অর্জনের জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন