প্রিন্ট তারিখ: ১৯ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

পর্তুগালের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ঐতিহ্য ও রন্ধনশিল্পের বর্ণাঢ্য উপস্থাপনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬

সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন, নিজ দেশের ঐতিহ্য তুলে ধরা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব দৃঢ় করার লক্ষ্যে পর্তুগালের লিসবনে অবস্থিত ‘ISCTE – ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন’-এ গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ‘গ্লোবাল ভিলেজ’।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৩৫টিরও বেশি দেশ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি দেশের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে নিজ দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন।

উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে সাজানো স্টলটি ছিল দর্শনার্থীদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু। বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে এতে অংশগ্রহণ করেন হাফসা মনি, ইশরাত সাদাফ, অপরাজিতা মিত্র, আতিকুল হক এবং তৌফিক আহমেদ।

বাংলাদেশের সমৃদ্ধ রন্ধনশিল্প ও আতিথেয়তার ঐতিহ্য তুলে ধরতে স্টলে পরিবেশন করা হয় দেশীয় বাহারি খাবার। মূল খাবারের তালিকায় ছিল ভাত, মাছ, বেগুন ভাজা এবং হরেক রকমের ভর্তা।

পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায় বাংলাদেশের ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড ঝালমুড়ি, চটপটি ও আলু ঘুগনি। মিষ্টান্ন হিসেবে ছিল রসমালাই, কালোজাম, রসগোল্লা ও সেমাই।

খাবারের পাশাপাশি দিনব্যাপী অনুষ্ঠানে ছিল আনন্দঘন সংগীত পরিবেশনা। অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা একে অপরের দেশের স্টল ঘুরে দেখেন এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হন।

 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর ‘গ্লোবাল ভিলেজ’-এর আয়োজন করে এবং ভোটের মাধ্যমে ‘সেরা প্রতিনিধিত্বকারী দেশ’ ঘোষণা করে। গত বছরের সেরা স্থান অর্জন করেছিল বাংলাদেশ। গত বছরের অংশগ্রহণকারী শিক্ষার্থী ঐশী দাস বলেন, “আমরা গত বছর সেরা প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে ঘোষিত হয়েছিলাম। এ বছর সেটি না হলেও এবারের নতুন শিক্ষার্থীরা দারুণভাবে অংশগ্রহণ করেছে এবং সবার প্রশংসা পেয়েছে।”

এবারের অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীরা জানান, শুধু খাবার পরিবেশন নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নিজস্ব পরিচয়, সংস্কৃতি এবং আতিথেয়তার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই অংশগ্রহণের মূল উদ্দেশ্য।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন