হাজীগঞ্জ সম্পত্তিগত বিরোধের জেরে প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটিয়ে সম্মানহানী ও হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সংবাদকর্মীদের কাছে এমন অভিযোগ করেন, উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর মাঝি খাঁন বাড়ির ভুক্তভোগী আব্দুল হান্নান খাঁন ও আব্দুল মান্নান খাঁণ।
এসময় তাদের কথার প্রতি সমর্থন জানিয়ে বাড়ির বয়োবৃদ্ধ ও গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্তদের প্রতি সংযত প্রদর্শন এবং ভুক্তভোগীদের সহবস্থান বজায় রেখে বিষয়টি মিমাংসা করার প্রতি গুরুত্ব দেন। ভুক্তভোগীরা একই বাড়ির খোরশেদ আলম ও আবু সাঈদ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি এমন অভিযোগ করেন।
ভুক্তভোগী আব্দুল মান্নান খাঁন বলেন, দাদার আমল থেকে প্রায় তিন যুগ ধরে মৌখিক সমঝোতার ভিত্তিতে রফিকুল ইসলাম, খোরশেদ আলম ও আবু সাঈদেরা নতুন বাড়িতে আমরা পুরানো বাড়িতে বসবাস করে আসছি। সম্প্রতি মহিলাদের ব্যবহারের জন্য একটি ঘটলা নির্মাণ নিয়ে তাদের সাথে বিরোধ দেখা দেয়।
বিষয়টি আমরা আমিনের (সার্ভেয়ার) মাধ্যমে পরিমাপ করে সমাধানের কথা বলি এবং দুই বাড়ির লোকজনের সিদ্ধান্তমতে এ বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপর যেদিন আমিন আসবে, এর আগের দিন হঠাৎ করে খোরশেদ আলম ও আবু সাঈদের পরিবার আমিনের আসার বিষয়ে মানা করে দেয় এবং অসহযোগিতার কথা বলে।
তিনি বলেন, এ বিষয়ে জানার জন্য শেখ মুজিবুর রহমান’সহ বেশ কয়েকজন’সহ আমরা ওই দুই পরিবারের সাথে কথা বলতে গেলে তাদের সাথে তর্কবিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে মুরুব্বীদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত করা হয়। এরপরেই খোরশেদ আলমের স্ত্রী ফিরোজা বেগম মারধরের অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা রটায়।
মান্নান খাঁন বলেন, ঝগড়া হয়েছে, কিন্তু মারামারি হয়নি। বাড়ির লোকজন স্বাক্ষী আছে। তিনি (স্ত্রী ফিরোজো বেগম) নিজের কাপড় ছিঁড়ে আমাদের নামে মিথ্যা কথা রটিয়ে সম্মানহানী ও হয়রানি করছে। তিনি একজন মামলাবাজ। আমাদেরকেসহ বাড়ির অন্যান্যদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। কাউকে মানেনা ও ইজ্জত-সম্মান করেনা।
এদিকে হান্নান ও মান্নানের অভিযোগ অস্বীকার করে ফিরোজা বেগম বলেন, আমাদের পরিবারে পুরুষ সদস্য বলতে কেউ বাড়িতে নেই। তাই, আমি বাড়ি মাপের (পরিমাপ) বিষয়ে কোন সিদ্ধান্ত দেইনি। এ বিষয়ে ঝগড়া-ঝাটির এক পর্যায়ে তারা আমাকে ও আমার মেয়েকে মারধর করে এবং আমাকে পুকুরে ফেলে দেয়।
এ বিষয়ে অভিযুক্ত পরিবারের মুরুব্বী ও তাদের বড় ভাই মো. রফিকুল ইসলাম বলেন, আমার দুই ভাইয়ের বউ (স্ত্রী) ফিরোজা বেগম ও জেসমিনসহ তাদের পরিবারের সদস্যদের সাথে ঝগড়াঝাটি হয়, কিন্তু মারামারি হয়নি।
ওসমান বেপারী বলেন, নতুন বাড়িতে ২০ শতাংশ সম্পত্তি ভোগদখলে আছে রফিকুল ইসলাম, খোরশেদ আলম ও আবু সাঈদের পরিবারের সদস্যরা। এর মধ্যে ১৫ শতাংশ তাদের ক্রয়কৃত এবং ৫ শতাংশ হান্নান ও মান্নানদের। তাদের দাদার আমল থেকে মৌখিক এজবদলের ভিত্তিতে তারা উভয়পক্ষ একে অপরের সম্পত্তি ভোগ করছে।
তিনি বলেন, পুকুরে একটি ঘটলা নির্মাণ ও আমিন (সার্ভেয়ার) আসাকে কেন্দ্র তাদের মধ্যে ঝগড়া-ঝাটির সৃষ্টি হয়। এরপর ঘটনাস্থলে আমরা উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করি। কিন্তু তাদের মধ্যে মারামারির কোন ঘটনা ঘটেনি।
তাজুল ইসলাম বলেন, বিরোধ সমাধানের জন্য শেখ মুজিবসহ হান্নান ও মান্নানকে তাদের (রফিকুল ইসলাম, খোরশেদ আলম ও আবু সাঈদ) কাছে পাঠালে তারা কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষই মারমুখী আচরণ করতে থাকে। তাৎখনিক আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উভয় পক্ষকে শান্ত করি। কিন্তু তাদের মধ্যে মারামারি হয়নি।
সাবেক ইউপি সদস্য ওই বাড়ির বাসিন্দা আনোয়ার হোসেন কলমতর বলেন, উভয় পরিবার আমার নিজের লোক, আত্মীয়-স্বজন। ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তবে খবর পেয়ে উভয় পক্ষকে আমি ডেকেছি। হান্নান ও মান্নান আমার কাছে এসেছে। কিন্তু ফিরোজা বেগমের অসহযোগিতার কারণে বিষয়টির সমাধান করতে পারিনি।
ইউপি সদস্য মো. হাবিব বলেন, আমি বেশ কয়েকবার ওই বাড়িতে গিয়েছি। বাড়ির মুরুব্বীরা আমাকে সহযোগিতার কথা বলেছেন, কিন্তু ফিরোজা বেগমের অসহযোগিতার কারণে বিরোধ সমাধান করতে পারিনি। এখনো তারা যদি আমার কাছে আসে, তাহলে বাড়ির মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টির সমাধানের চেষ্টা করবো।