চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ফরিদগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবদুর রহিম (৪৬), তিনি ঘোড়াশালা গ্রামের রাঢ়ী বাড়ির মোখলেছুর রহমানের ছেলে। ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রলীগের কর্মী মো. সালাউদ্দিন (২২), তিনি চরবসন্ত গ্রামের আমির আলী হাজী বাড়ির সাইফুল ইসলামের ছেলে এবং কেরোয়া উত্তর গ্রামের এরশাদ পাটওয়ারীর ছেলে মো. ইয়াছিন পাটওয়ারী (৩৩)।
ফরিদগঞ্জ থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. রাকিবুল হাসান ও এসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।