প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে দুলাল মিয়াজী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, খুনিদের ফাঁসি চাইলেন ছেলে

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও রামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল আলম মিয়াজী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে ৮নং ওয়ার্ডের ওড়পুর ও নোয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও বিভিন্ন প্রতিবাদী স্লোগানের মাধ্যমে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, একজন সাবেক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ীকে এভাবে নৃশংসভাবে হত্যা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

নিহত দুলাল আলম মিয়াজীর ছেলে মোহাম্মদ তানভীর আলম তামীম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার বাবাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার বাবার কোনো অপরাধ থাকলে দেশের আইন ও আদালত ছিল। কিন্তু তাঁকে এভাবে হত্যা করার অধিকার কারও নেই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করুন। আমি আমার বাবার হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই।”

তিনি আরও বলেন, “আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা ন্যায়বিচার চাই। তদন্তের নামে যেন সময়ক্ষেপণ না হয়। হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি কিংবা পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। অপরাধীরা যেন কোনো রাজনৈতিক বা সামাজিক প্রভাব খাটিয়ে পার পেয়ে না যায়।”

৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, “একজন সাবেক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ীকে এভাবে হত্যা অত্যন্ত উদ্বেগজনক। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও জানান, স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। দুলাল আলম মিয়াজী হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকাবাসীর প্রতিবাদ অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দা মো. হারুন অর রশিদ মিয়াজী বলেন, দুলাল মিয়াজী শুধু একজন সাবেক জনপ্রতিনিধি বা ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন এলাকার পরিচিত ও সম্মানিত ব্যক্তি। তাঁর এমন নির্মম মৃত্যুতে পুরো এলাকাবাসী শোকাহত। দ্রুত হত্যার রহস্য উদ্‌ঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মো. হানিফ ভুঁইয়া বলেন, প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের হাত থেকে রক্ষা না পায়। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত থাকবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মামুনুর রশিদ, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল উদ্দিন মিয়াজী, মো. শফিকুর রহমান, মো. নুরুল ইসলাম মল্লিকসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন