প্রিন্ট তারিখ: ১৬ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, মাদক-ইভটিজিং ও অপরাধ দমনে পুলিশ-জনতার ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) হাজীগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাউছার আলম ভূঁইয়া। সভাটি সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার শামসুল ইসলাম।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ১১ নম্বর হাটিলা ইউনিয়নের আবু সুফিয়ান রানা, ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মহিন উদ্দীন মাঈনু, ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, ২ নম্বর বাকিলা ইউনিয়নের আব্দুল মতিন স্বপন, ছাত্রদল নেতা সাগরসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় মাদকদ্রব্যের বিস্তার ও ব্যবহার, মাদক ব্যবসা, ইভটিজিং, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয় এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধপ্রবণতার চিত্র তুলে ধরে তা প্রতিরোধে পুলিশের কার্যকর ভূমিকা কামনা করেন।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা এবং ওসি মো. কাউছার আলম ভূঁইয়া উপস্থিত ব্যক্তিদের বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, মাদক ও সামাজিক অপরাধমুক্ত নিরাপদ সমাজ গঠন শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা, তথ্য আদান-প্রদান এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ওপেন হাউজ ডে আয়োজনের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানো, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন