ভাগ্য বদলের আশায় ২০১৬ সালে বৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার যুবক মোহাম্মদ শাহ জামাল। কিন্তু বিদেশের মাটিতে পা রাখার মাত্র তিন দিনের মাথায় ছিনতাইকারীদের কবলে পড়ে হারান পাসপোর্টসহ সব বৈধ কাগজপত্র।
এরপর অবৈধ অভিবাসী হিসেবে মালয়েশিয়ান পুলিশের হাতে আটক হলে, কাগজপত্র না থাকায় তাঁকে মিয়ানমারের নাগরিক হিসেবে তালিকাভুক্ত করে বন্দিশালায় পাঠানো হয়। দীর্ঘ প্রায় ১১ বছর ধরে নিখোঁজ এই রেমিট্যান্স যোদ্ধা। এদিকে বাবার মুখ না দেখেই বড় হয়ে উঠছে রেখে যাওয়া সন্তান। আর পুত্রশোকে মারা গেছেন বাবা।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সুখের বাতি গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহ জামাল। পরিবারে সচ্ছলতা ফেরাতে ২০১৬ সালের মার্চে বিএমইটি ছাড়পত্র নিয়ে ‘দ্য উইনার ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধভাবে মালয়েশিয়ায় যান তিনি।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মালয়েশিয়ায় পৌঁছানোর মাত্র তিন দিনের মাথায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। খোয়া যায় পাসপোর্টসহ সব জরুরি নথিপত্র। এর কিছুদিন পরই মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশের অভিযানে আটক হন শাহ জামাল।
কাগজপত্রহীন অবস্থায় আটক হওয়ায় এবং ভাষাগত জটিলতায় মালয়েশিয়ান কর্তৃপক্ষ তাঁকে বাংলাদেশির পরিবর্তে মিয়ানমারের নাগরিক হিসেবে নথিভুক্ত করে। ২০১৬ সালের আগস্টে তাঁকে পাঠানো হয় মালয়েশিয়ার পেরাক রাজ্যের লাংকাপ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে। এরপর থেকেই পরিবারের সাথে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর।
শাহ জামাল যখন দেশ ছাড়েন, তখন তাঁর স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। বাবার আদর আর মুখ না দেখেই আজ ১১ বছরে পা দিয়েছে সেই সন্তান। বাবার ফেরার পথ চেয়ে দিন গুনছে অবুঝ এই কিশোর।
নদীগর্ভে ভিটেমাটি বিলীন হয়ে যাওয়ায় দুই সন্তান নিয়ে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন শাহ জামালের স্ত্রী। আর ছেলের শোকে ভুগতে ভুগতে তিন বছর আগেই মারা গেছেন বৃদ্ধ বাবা। মৃত্যুর আগে অন্তত একবার ছেলেকে দেখার আকুতি অসুস্থ মায়ের।
দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি শাহ জামালের মালয়েশিয়ার ডিপোতে বন্দি থাকার নথিপত্র বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার মাধ্যমে হাতে পায় তাঁর পরিবার। তাঁকে দেশে ফিরিয়ে আনতে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে লিখিত আবেদনও করা হয়েছে।
একজন বৈধ বাংলাদেশি কর্মী শুধু কাগজপত্র হারানোর কারণে অন্য দেশের নাগরিক হিসেবে দীর্ঘ ১১ বছর বন্দিশালায় মানবেতর জীবন কাটাচ্ছেন যা অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশ হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপে শাহ জামাল তাঁর মা ও না দেখা সন্তানের বুকে ফিরে আসবেন, এমনটাই প্রত্যাশা অসহায় পরিবারটির।