প্রিন্ট তারিখ: ১৬ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

এমএস ডিগ্রি অর্জন করায় ডা. আরিফ উল হাসানকে শাহরাস্তি প্রেসক্লাবের সংবর্ধনা

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬

মাস্টার অব সার্জারি (এমএস) ইন গাইনি অ্যান্ড অবস ডিগ্রি অর্জন করায় শাহরাস্তি প্রেসক্লাবের সম্মানিত দাতা সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডা. মো. আরিফ উল হাসানকে সংবর্ধনা দিয়েছে শাহরাস্তি প্রেসক্লাব।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় শাহরাস্তি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পপুলার হাসপাতালের কনসালট্যান্ট ডা. সাকিফ কায়সার এবং মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের অ্যানেসথেসিওলজিস্ট ডা. এ কে এম আ. বাসেত।

এ সময় বক্তব্য দেন শাহরাস্তি প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহসভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন এবং ক্রীড়া সম্পাদক মো. আবু মুসা আল শিহাব।

সংবর্ধিত অতিথি ডা. মো. আরিফ উল হাসান তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমি নিজেকে একজন সাংবাদিক পরিবারের সদস্য মনে করি। আপনাদের এই আন্তরিকতা ও ভালোবাসা সবসময় স্মরণে রাখব। প্রেসক্লাবের যেকোনো ভালো কাজে সম্পৃক্ত থাকতে চাই। আপনারা আমাকে পাশে রাখলে আমি নিজেকে ধন্য মনে করব।”

সভাপতির বক্তব্যে মো. মঈনুল ইসলাম কাজল বলেন, “যাঁরা নিজেদের মেধা, যোগ্যতা ও সফলতার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে শাহরাস্তিকে দেশব্যাপী তুলে ধরবেন, তাঁদের পাশে থাকবে শাহরাস্তি প্রেসক্লাব। গুণীজনদের সম্মানিত করা এবং নতুন প্রজন্মকে ভালো কাজে উৎসাহিত করতে প্রেসক্লাবের পক্ষ থেকে গুণীজন সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল ও কৃতী ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন করা হলে তা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে এমএস ডিগ্রি অর্জনের স্বীকৃতিস্বরূপ সংবর্ধিত অতিথি ডা. মো. আরিফ উল হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

ডা. আরিফ উল হাসানের এই অর্জনে উপস্থিত অতিথি ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন