চাঁদপুরের শাহরাস্তিতে যৌথভাবে সিএনজি ব্যবসা পরিচালনার প্রলোভন দেখিয়ে পাঁচ ব্যক্তির কাছ থেকে ৩২ লাখ টাকা নেওয়ার পর স্বামী-স্ত্রীর বিরুদ্ধে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মর্জিনা আক্তারের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযুক্ত মর্জিনা আক্তার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. সেলিম মিয়া পেশায় একজন সিএনজিচালক ও ভ্রাম্যমাণ ব্যবসায়ী।
ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৫ সালের জুলাই মাসে যৌথভাবে সিএনজি ব্যবসা পরিচালনার কথা বলে পাঁচজনের সঙ্গে চুক্তি করেন মর্জিনা আক্তার ও তার স্বামী সেলিম মিয়া। এ সময় ব্যবসায় বিনিয়োগের কথা বলে তাদের কাছ থেকে মোট ৩২ লাখ টাকা নেওয়া হয়। ব্যবসার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সেলিম মিয়া।
তবে টাকা নেওয়ার পর ব্যবসার কার্যক্রম ও বিনিয়োগের অর্থ ফেরত নিয়ে জটিলতা সৃষ্টি হয়। একপর্যায়ে মর্জিনা আক্তারের দেওয়া একটি চেক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হলেও অভিযুক্ত দম্পতির কোনো সন্ধান পাওয়া যায়নি বলে দাবি তাদের।
পরবর্তীতে প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগীরা। এ ঘটনায় মর্জিনা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, চেক জালিয়াতির ঘটনায় মর্জিনা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
এদিকে, দীর্ঘদিন ধরে নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা। তারা বিনিয়োগ করা ৩২ লাখ টাকা ফেরত পাওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।