প্রিন্ট তারিখ: ১৩ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে সাবেক ইউপি সদস্য দুলাল আলম হত্যা: মামলা দায়ের, নারীসহ গ্রেফতার ২

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নারীসহ দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া সন্দেহভাজন আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গ্রেফতারকৃতরা হলেন—জাকির মুন্সী ও আমেনা বেগম। তারা একই এলাকার বাসিন্দা।

এর আগে বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া এলাকার কলিম উদ্দিন মুন্সী বাড়ির পুকুর থেকে সাবেক ইউপি সদস্য দুলাল আলমের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে, বিশেষ করে মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির জয়নাল আবেদীনের স্ত্রী ও তার দুই পুত্রবধূ এবং একই বাড়ির জলিল মুন্সীর ছেলে জাকির মুন্সীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাকির মুন্সী ও আমেনা বেগমকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। অপর দুজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

যেভাবে উদ্ধার হয় মরদেহ:

আটকের আগে সংবাদকর্মীদের কাছে জাকির মুন্সী দাবি করেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি পুকুরে গোসল করতে নামেন। এ সময় তার ডান পায়ে কিছু একটা লাগলে ভয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। স্থানীয় মেম্বারের নির্দেশনায় তিনজন মিলে পুকুর থেকে দুলাল আলমের মরদেহ উদ্ধার করেন বলে জানান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

চেয়ারম্যানের দাবি, মাথায় ছিল গুরুতর আঘাতের চিহ্ন:

কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তিনি নিজেসহ উপস্থিত অন্যরা সাবেক ইউপি সদস্য দুলাল আলমের মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন দেখতে পান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরও জানান, দুলাল আলমের বাড়ি নোয়াপাড়া গ্রামের পূর্বপাড়ায়। আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে তিনি একই গ্রামের পশ্চিমপাড়ার মুন্সী বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন। মরদেহ উদ্ধারের আগের দিন সন্ধ্যায়ও তিনি ওই বাড়িতে এসেছিলেন বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন।

পরিবার ও স্বজনদের হত্যার অভিযোগ:

এদিকে নিহতের ছেলে তামিমসহ পরিবারের সদস্য, স্বজন এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দুলাল আলমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ করে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় দুজনকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে সাবেক ইউপি সদস্য দুলাল আলমের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন