প্রিন্ট তারিখ: ১২ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ৬ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণে ৭৫৬ জনের নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬

হাজীগঞ্জে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৭৫৬ জন নিবন্ধন করেছেন।

 

বুধবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামি ১৪ নভেম্বর, সকাল সাড়ে ৬টায় উৎসবমুখর পরিবেশে এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, দৌড়ের মাধ্যমে শরীরচর্চায় আগ্রহ বাড়ানো এবং সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে গত সোমবার (৯ নভেম্বর) নিবন্ধনের শেষ দিন পর্যন্ত বিভিন্ন বয়সের ৭৫৬ জন প্রতিযোগি তাদের নিবন্ধন সম্পন্ন করেন।

আয়োজকরা জানান, ৬ কিলোমিটারের এ ম্যারাথনটি উপজেলা চত্বর থেকে শুরু করে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারস্থ চৌরাস্তা মোড়, হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়ক হয়ে বদরপুর মোড় প্রদক্ষিণ করে টোরাগড় হয়ে পূণরায় উপজেলা চত্বরে গিয়ে (ফিনিশিং লাইন) দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হবে।

নিবন্ধনধারীদের মধ্যে ২০ বছর প্লাস, ৩০ বছর প্লাস, ৪০ বছর প্লাস ও ৫০ বছর প্লাসসহ ৪টি ক্যাটাগরিতে এ মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতি ক্যাটাগরির মধ্যে ২০ জনকে পুরস্কৃত করা হবে। তাদের জন্য মেডেল ও অন্যান্য পুরস্কারের পাশাপাশি প্রাইজমানি থাকবে।

প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে দুই পয়েন্টে পানির ব্যবস্থা, স্বেচ্ছাসেবক টিম, মেডিকেল টিম ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে অতিথি হিসেবে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান’সহ অন্যান্য অতিথিদের দাওয়াত দেওয়া হয়েছে।

‘সকাল বেলার হাওয়া, সকল রোগের দাওয়া’ প্রবাদ উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ইলেকট্রনিক্স ডিভাইস’সহ নানা কারণে আমরা আদিকাল থেকে মানব সভ্যতার প্রচলিত অভ্যাস থেকে দূরে সরে এসেছি। যার ফলে আমরা স্বাস্থ্য সচেতন হতে পারছিনা।

সুস্থ জীবনধারা ও স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রয়াস উল্লেখ করে তিনি বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে মানুষের মধ্যে নিয়মিত শরীরচর্চা ও সকাল বেলায় দৌড়ের অভ্যাস গড়ে তোলার প্রতি উৎসাহিত করতে উপজেলা ক্রীড়া সংস্থার এ আয়োজন। আশাকরি, সকলের সহযোগিতায় ভবিষ্যতে বৃহৎ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন